Widget HTML #1

১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা কর

১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মহাবিজয় লাভ ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ববাংলার জনসাধারণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ রাজনৈতিক প্রতিবাদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের যে স্ফুরণ ঘটে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। প্রচলিত সংবিধান অনুযায়ী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৯৫১ সালে অনুষ্ঠানের কথা থাকলেও তা যথাসময়ে না হয়ে ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ছিল পূর্ববাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন।

১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা কর
১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য

১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্যঃ

১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য বা প্রভাব ছিল নিম্নরূপ:

১. মুসলিম লীগের একচেটিয়া কর্তৃত্ব হ্রাস: 

যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের এতদিনের একচেটিয়া কর্তৃত্ব হ্রাস পায়। পাকিস্তান গণপরিষদের মুসলিম লীগ দলীয় বাঙালি সদস্যরা পূর্ববাংলার জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার হারায়।

২. আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন: 

এ নির্বাচনে আঞ্চলিক স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবির প্রতি পূর্ববাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে।

৩. গণপরিষদে যুক্তফ্রন্টের প্রতিনিধিত্ব: 

এ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যুক্তফ্রন্ট সংবিধান প্রণয়নে অংশগ্রহণের দাবি জানায় এবং এর ভিত্তিতেই যুক্তফ্রন্টের সমর্থিত সদস্যরা পূর্ববাংলার প্রতিনিধিরূপে দ্বিতীয় গণপরিষদে নির্বাচিত হন।

৪. বিরোধী দলের বিকাশ: 

যুক্তফ্রন্টের বিজয়ের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সরকার বিরোধী যথার্থ বিরোধী রাজনৈতিক দলের বিকাশ ঘটে।

৫. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি: 

এ বিজয়ের ফলে ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষারূপে স্বীকৃতি দেওয়া হয়।

৬. পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের নীতি:

এ বিজয়ের ফলে পরবর্তীতে সাংবিধানিকভাবে পূর্ণ আঞ্চলিক, স্বায়ত্তশাসনের নীতি গৃহীত হয়।

৭. ধর্মনিরপেক্ষ রাজনীতির বিকাশ 

মুসলিম লীগকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে পূর্ববাংলায় ক্রমান্বয়ে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ও রাজনীতির বিকাশ ত্বরান্বিত হয়।

৮. স্বতন্ত্র জাতিসত্তার বিকাশ: 

যুক্তফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতির সচেতনতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের দোসরদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে তারা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে থাকে। এভাবে পূর্ববাংলার স্বতন্ত্র বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটে।

পরিশেষে:

পরিশেষে বলা যায় যে, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পূর্ববাংলার জনসাধারণের স্বাধিকার প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে যুক্তফ্রন্টের আবির্ভাব ঘটেছিল। বিপুল জনসমর্থনে এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভকরে মুসলিম লীগের একাধিপত্যকে খর্ব করে। যুক্তফ্রন্টের বিজয়ের ফলে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা এবং সে লক্ষ্যে তাদের ঐক্যবোধ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে মুক্তি ও স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র সুপ্রশস্ত হয়।

Post a Comment for "১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা কর"