সংক্ষিপ্ত প্রশ্নঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর

ভাষা আন্দোলন মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন হলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম ও অত্যন্ত সুদূরপ্রসারী। বস্তুত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ঘটিয়ে স্বাধীন বাংলার আত্মপ্রকাশের প্রতি স্তরে প্রেরণা যুগিয়েছে ভাষা আন্দোলনের রক্তমাখা ইতিহাস।

সংক্ষিপ্ত প্রশ্নঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর
১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর

ভাষা আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব 

নিচে ভাষা আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করা হলো:

১. জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়ঃ এ আন্দোলন পূর্ববাংলার জনগণের মধ্যে নব জাতীয় চেতনা তথা বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। অধিকার বঞ্চিত বাঙালি জাতির মনে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা জাগ্রত হয়।

২. আন্দোলনে প্রেরণা ও সাহস যোগায়ঃ ভাষা আন্দোলন এ দেশের বুদ্ধিজীবীদেরকে জনগণের সাথে একাত্ম করে তোলে এবং সমগ্র জাতিকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে। ফলে বাঙালি জাতীয়তাবাদীদের মধ্যে যে বৈপ্লবিক চেতনা ও সংহতিবোধের সৃষ্টি হয়, তা পরবর্তী সকল আন্দোলনে প্রাণশক্তি সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

৩. অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী শিক্ষায় উদ্বুদ্ধ করেঃ ভাষা আন্দোলনের ফলেই বাঙালি জাতি তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী শিক্ষায় উদ্বুদ্ধ হয়। বাঙালি জাতি স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে স্বৈরাচারী পাকিস্তানি শাসকগোষ্ঠীর কবল থেকে নিজেদের মাতৃভাষা ও মাতৃভূমিকে রক্ষা করতে সক্ষম হয়।

৪. হিন্দু-মুসলমান সম্প্রতি বৃদ্ধি পায়ঃ রাষ্ট্রভাষা আন্দোলন সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন ছিল। এ আন্দোলনের ফলেই পূর্ববাংলায় হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়।

৫. প্রত্যক্ষ সংগ্রামঃ ১৯৫২ সালে রাষ্ট্র ভাষার প্রশ্ন নিয়েই বাঙালি জাতি সর্বপ্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হয়। ভাষা আন্দোলনের সংগ্রামে উদ্বুদ্ধ হয়েই বাঙালি জাতি পাকিস্তানি শাসকচক্রের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়।

৬. ঐক্যজোট গঠনের রীতির সূত্রপাতঃ ভাষা আন্দোলন ছাত্রসমাজকে একটি প্রচ্ছন্ন রাজনৈতিক শক্তিতে পরিণত করে এবং ছাত্র, বুদ্ধিজীবী ও পেশাদার শ্রেণীর ঐক্যজোট গঠনের রীতির সূত্রপাত করে। এরূপ ঐক্যজোটকে পরবর্তী সকল আন্দোলনের ক্ষেত্রে সফলতার সাথে কাজে লাগানো হয়।

পরিশেষেঃ

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে ধাপে ও স্তরে প্রেরণা যুগিয়েছে ভাষা আন্দোলনের রক্তরাঙা ইতিহাস। এ আন্দোলনই বাঙালিদেরকে ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গঠন এবং অধিকার আদায়ে ইস্পাত কঠিন শপথে বলীয়ান করে পর্যায়ক্রমে গণআন্দোলনের রক্তপাতের সিঁড়ি বেয়ে পরিণামে স্বাধীনতার ছাড়পত্র ছিনিয়ে আনতে বিশেষভাবে অনুপ্রাণিত করে।

Previous Post
No Comment
Add Comment
comment url