Widget HTML #1

যুক্তফ্রন্ট কেন জয়লাভ করেছিল?

১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন ও এ নির্বাচনে যুক্তফ্রন্টের মহাবিজয় লাভ ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর রাজনৈতিক একাধিপত্যের বিরুদ্ধে পূর্ববাংলার জনসাধারণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ রাজনৈতিক প্রতিবাদ। প্রচলিত সংবিধান অনুযায়ী পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৯৫১ সালে অনুষ্ঠানের কথা থাকলেও তা যথাসময়ে না হয়ে ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ছিল পূর্ববাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে নবগঠিত যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

যুক্তফ্রন্ট কেন জয়লাভ করেছিল?
যুক্তফ্রন্ট কেন জয়লাভ করেছিল?

১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ: 

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের উল্লেখযোগ্য কারণসমূহ নিম্নে বর্ণনা করা হলো:

১. ২১ দফাভিত্তিক নির্বাচনী ইশতেহার:

পূর্ববাংলার সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্ক্ষা সংবলিত যুক্তফ্রন্ট প্রণীত বিখ্যাত ২১ দফাভিত্তিক নির্বাচনি ইশতেহার মুসলিম লীগের বিরুদ্ধে ব্যাপক জনসমর্থন আদায়ে সক্ষম হয়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রত্যয়সহ সামগ্রিকভাবে পূর্ববাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নির্বাচনি ইশতেহারে থাকায় জনগণ যুক্তফ্রন্টকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সচেষ্ট হয়।

২. ভাষা আন্দোলনের প্রভাব:

সমগ্র পাকিস্তানের জনগণের শতকরা ৫৬ জনের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোর ষড়যন্ত্রে লিপ্ত হলে পূর্ববাংলার ছাত্রজনতা এর বিরুদ্ধে যে ভাষা আন্দোলনের সূচনা করে তা ক্রমান্বয়ে সমগ্র বাঙালি জনগোষ্ঠীর মধ্যে একাত্মতাবোধের জন্ম দেয়। আর এ একাত্মতাবোধের বহিঃপ্রকাশ ঘটে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে। ফলে যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয় অর্জন করে।

৩. স্বায়ত্তশাসনকে উপেক্ষা করা: 

১৯৪০ সালের লাহোর প্রস্তাবে ভবিষ্যৎ মুসলিম রাষ্ট্রসমূহে প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে প্রতিশ্রুতি ছিল পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠী বিশেষ' করে পূর্ববাংলার স্বায়ত্তশাসনের দাবিকে উপেক্ষা করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট হয়। এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ১৯৫৪ সালের নির্বাচনে। ফলে যুক্তফ্রন্টের বিজয় ত্বরান্বিত হয়।

৪. দমনমূলক নীতি: 

মুসলিম লীগ পূর্ববাংলার বিভিন্ন গণআন্দোলনকে রাষ্ট্রদ্রোহিতা বলে অভিহিত করে এবং এসব আন্দোলনের সঙ্গে জড়িত নেতা ও কর্মীদের উপর দমনমূলক নীতি প্রয়োগ করায় পূর্ববাংলার জনগণের মধ্যে মুসলিম লীগ বিরোধী মনোভাব জাগ্রত হয়। ফলে নির্বাচনে তারা যুক্তফ্রন্টকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করে।

৫. সংবিধান প্রণয়নে সরকারি ব্যর্থতা:

পাকিস্তান সৃষ্টির দীর্ঘদিন অতিবাহিত হলেও শাসকগোষ্ঠী জনগণের আশা-আকাঙ্ক্ষা সংবলিত পাকিস্তানের সংবিধান রচনায় ব্যর্থতার পরিচয় দেয়। এর ফলে জনঅসন্তোষ বৃদ্ধি পায়। ফলে ১৯৫৪ সালের নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টকে ভোট দিয়ে জয়যুক্ত করে।

পরিশেষে:

পরিশেষে বলা যায় যে, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পূর্ববাংলার জনসাধারণের স্বাধিকার প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে যুক্তফ্রন্টের আবির্ভাব ঘটেছিল। বিপুল জনসমর্থনে এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভকরে মুসলিম লীগের একাধিপত্যকে খর্ব করে।


Post a Comment for "যুক্তফ্রন্ট কেন জয়লাভ করেছিল?"