Widget HTML #1

ফিলিস্তিনি শিশুর সকাল: যুদ্ধের নির্মমতায় হারিয়ে যাওয়া শৈশবের গল্প

বিষয়সূচি

ফিলিস্তিনি শিশুর সকাল

লেখক: Al Abbas Robin
(এক পর্বেই সমাপ্ত)।

দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই রাফি একটু বেশি খেলাধুলা করে। বড় ভাই রবি পা হারিয়েছে। খেলাধুলার প্রতি তার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও হুইলচেয়ারে বসে বাইরে গিয়ে খেলার সাহস পায় না। আর বোন হালিমা তো ভয়ে ঘর থেকেই বের হয় না। চারদিকে ইসরায়েলি বাহিনীর আতঙ্ক!

সদ্য যৌবনে পা দেওয়া ফিলিস্তিনি তরুণী হালিমা। যাদের রূপের মাধুর্য আর ঈমানি শক্তি ভয়ংকর রাসায়নিক বোমার আঘাতেও ম্লান হওয়ার নয়। সকালে ঘুম থেকে উঠেই ঘরের কাজ আর মায়ের সঙ্গে আলাপচারিতায় সময় কেটে যায় তার। তাই খেলাধুলার সরঞ্জামের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু খুব ইচ্ছে করে বাবার এনে দেওয়া সেই ছোট্ট ঘোড়াটির পিঠে চড়ে একটু ঘোড়দৌড় দিতে।

কিন্তু বাইরে হাজারো শকুন ওত পেতে বসে আছে। কখন কোন মায়ের বুকের পাখিটিকে শিকার করবে, তার কোনো নিশ্চয়তা নেই। হালিমার ইচ্ছেটাও তাই আর পূর্ণতার স্বাদ পায় না। ঘোড়াটিকে খাবার দেওয়া আর যত্ন করেই দিন পার করতে হয় তাকে।

যুদ্ধের নির্মমতায় হারিয়ে যাওয়া শৈশবের গল্প ফিলিস্তিন শিশুর সকাল
যুদ্ধের নির্মমতায় হারিয়ে যাওয়া শৈশবের গল্প


প্রতিদিন সকালে ঘোড়াকে খাবার দিতে গেলে খুব মনে পড়ে বাবার কথা। কত শখ করেই না বাবা ঘোড়াটি এনেছিলেন! আদরের মেয়েকে ঘোড়া চালানো শেখাবেন, একদিন হজরত সুমাইয়া (রা.)-এর মতো ঈমানদার ও সাহসী নারী হিসেবে গড়ে তুলবেন। কিন্তু ইসরায়েলি বাহিনীর একটি বোমা তার সেই স্বপ্নের সঙ্গে বাবার দেহটাকেও খণ্ডবিখণ্ড করে দিল। জানাজা পড়ার জন্যও ধ্বংসস্তূপ থেকে বাবার দেহটি খুঁজে পাওয়া গেল না।

বাবার কথা মনে পড়লেই হালিমার চোখের বাঁধভাঙা অশ্রুতে বুক ভিজে যায়।

সেই যে একদিন ভোরে বাবা বড় ভাই রবিকে নিয়ে ফজরের সালাত আদায় করতে মসজিদে গেলেন, আর ফিরে এলেন না। প্রিয় বাবার কোনো খোঁজও পাওয়া গেল না। তবে একটি শব্দ শুনতে পেয়েছিল তারা—বোমার আঘাতে মসজিদটি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার শব্দ।

রবি ফিরে এসেছিল বটে, কিন্তু রবির একটি পা আর ফিরে আসেনি। মনে হয়, রবির আগেই তার সেই পা জান্নাতে অবস্থান করার সুযোগ পেয়ে গেছে।

ছোট্ট রবি সালাত আদায় করে হয়তো সকালের স্নিগ্ধ হাওয়ায় বাইরে খেলছিল। আর বাবা মসজিদভর্তি মুসল্লিদের সঙ্গে ইবাদতে মগ্ন ছিলেন। কিন্তু সকালের ঠান্ডা হাওয়াকে উত্তপ্ত করে একটি বিমান মসজিদের ওপর দিয়ে উড়ে গেল। আকাশে উড়ন্ত বিষাক্ত কাকের মতো সেটি কেড়ে নিল কয়েকটি তরতাজা প্রাণ।

সেদিন থেকেই রবির একমাত্র চলার ভরসা হুইলচেয়ার।

হালিমা পা হারানো ভাই রবি আর সবচেয়ে ছোট ভাই রাফিকে নিয়ে যতটুকু সম্ভব হাসি-আনন্দে থাকার চেষ্টা করে। মাঝে মাঝে আকাশে প্রচণ্ড বৃষ্টির দিনে বজ্রপাতের মতো বুক কাঁপানো শব্দ শুনতে পায় তারা। এমনকি শুষ্ক মৌসুমেও এ ধরনের শব্দ তাদের বুঝতে দেরি হয় না যে, আবার কোনো বাবা তার আদরের মেয়েকে এতিম করে না-ফেরার দেশে চলে গেছেন, কিংবা কোনো ভাইয়ের শরীরের কোনো একটি অংশ জান্নাতে স্থান পেয়েছে।

এসব শব্দ এখন তাদের কাছে আতশবাজির মতোই পরিচিত। ভয় যেন তাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে গেছে।

মা যখন সন্তানদের খেলাধুলার জন্য কিছু দিতে না পারার কষ্টে ব্যথিত হন, তখন সন্তানরা সদ্য ছিটকে পড়া বোমার খোসা নিয়েই খেলায় মত্ত থাকে।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের গল্প: যেভাবে পাগলি ছদ্মবেশে শত্রুশিবিরে যেতেন তারামন বিবি 

একদিন দুই ভাই একটি বোমার খোসা নিয়ে কাড়াকাড়ি করছে। মা এসে বড় ছেলে রবিকে বললেন,

— রবি, রাফি তো ছোট। এই খোসাটা ওকে দিয়ে দে। কিছুক্ষণ পর আবার একটা পড়বে, ওটা তুই নিস।

রবি ভদ্র ছেলের মতো অপেক্ষা করতে থাকে। কখন আকাশ দিয়ে কারও প্রাণ কেড়ে নিতে কোনো লোহার তৈরি পাখি আসবে, কখন সেই পাখি বাজি ফোটাবে আর সেই বাজির খোসা নিয়ে সে খেলবে!

হালিমা বাবার দেওয়া শখের ঘোড়াটিকে যত্ন করে বড় করেছে। একদিন ছোট ভাইকে সঙ্গে নিয়ে মাঠে যাবে, ঘোড়দৌড় দেবে। বাবার মুজাহিদ হিসেবে গড়ে তোলার স্বপ্নটা ছোট ভাই রাফিকে দিয়েই পূরণ করবে। তাকে ঘোড়া চালানোর প্রশিক্ষণ দেবে।

যদি বড় ভাইটি সুস্থ থাকত, তবে হয়তো বাবার স্বপ্ন সত্যি হতো। একজন হতো মুজাহিদ কন্যা, আরেকজন মুজাহিদ পুত্র।

একদিন ভোরে ফজরের সালাত আদায় করে হালিমা ছোট ভাই রাফিকে নিয়ে মাঠে গেল ঘোড়ায় চড়বে বলে।

অন্যদিকে রবি ঘরের দেয়ালে হাতের সাহায্যে ভর দিয়ে ফুটবল খেলছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে দেয়ালের দিকে বলটি ছুড়ে মারে। বলটি দেয়ালে আঘাত করে ফিরে এলে আবার ধরে ফেলে সে। মাঝে মাঝে বলটি দূরে ছুটে গেলেও রবি ধৈর্যের সঙ্গে নিজের সীমাবদ্ধতার মধ্যেই খেলা চালিয়ে যায়।

কিছুক্ষণ পরপরই বজ্রপাতের মতো আশপাশে বোমার শব্দ শোনা যায়। রঙিন আগুনের আলোয় চারপাশ আলোকিত হয়ে ওঠে। এসব ঘটনায় তাদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, এগুলো তাদের নিত্যদিনের ঘটনা।

হালিমা বাড়ি থেকে মাঠে যাওয়ার পুরো পথ রাফিকে ঘোড়ায় বসিয়ে নিয়ে এসেছে। মাঠে এসে এবার নিজে ঘোড়ায় উঠবে। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল, একটি মানুষখেকো লোহার শকুন তাদের কেন্দ্র করে আকাশে উড়ছে।

রাফি কিছুই বুঝতে পারল না। কিন্তু হালিমা বুঝতে পেরে ঘোড়া নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটতে শুরু করল।

ততক্ষণে আকাশে উড়ন্ত হিংস্র লোহার শকুনটি তার নিষ্ঠুর রূপ ধারণ করেছে।

তার বক্ষ থেকে একটি বোমার টুকরো পৃথিবীর বুকে ছিটকে পড়ল। কোনো নির্দয় পরমাণু বিজ্ঞানীর অবিবেচক বুদ্ধিতে তৈরি শক্তিশালী বোমাটি মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিল তিনটি তরতাজা প্রাণ।

আবারও খুব কাছ থেকে আকাশ কাঁপানো একটি বাজির শব্দ শুনতে পেল রবি। কিছু বিচ্ছুরিত আলো চারপাশ আলোকিত করে তার চেহারাটাও লাল করে দিল। বোমার আগুনের লেলিহান শিখার হালকা উত্তাপ রবির শরীরেও এসে লাগল। বারুদের গন্ধ তার নাকের ভেতর দিয়ে প্রবেশ করল।

রবির শ্বাস-প্রশ্বাসের প্রতিটি পথ ছুঁয়ে সেই বারুদের গন্ধ হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দিল।

এত কাছ থেকে বোমার আঘাতের সব ভয়াবহতা সে আগেও অনুভব করেছে। পা হারানোর দিন বোমার সেই ভয়ংকর অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত আজও তার মনে গেঁথে আছে।

মনে হচ্ছে, বোমাটি খুব কাছেই পড়েছে। খোসাটি আনতে তেমন কষ্ট হবে না পঙ্গু রবির। খোসাটি এনে রেখে দিলে পরে রাফিকে দেখানো যাবে—এই ভেবে রবি তার হুইলচেয়ারের চাকা ঘোরাল সামনের দিকে।

এদিকে ফুটবলটি দেয়ালে আঘাত করে এদিক-সেদিক লাফালাফি করছে।

রবি এইমাত্র শোনা বোমার শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মাংসের টুকরো। কোথাও হাত, কোথাও পা। একপাশে পড়ে আছে ঘোড়ার শরীরের বেশ বড় একটি অংশ।

রবির বুকের ভেতর প্রবেশ করা বারুদের গন্ধ এবার যেন বিষের ভূমিকা পালন করছে। সে হালকা বুকের ব্যথা অনুভব করতে লাগল।

আরও পড়ুন: “হুজুরের বউ: অপূর্ণ ভালোবাসার এক মর্মান্তিক গল্প”

আরেকটু ভালোভাবে তাকাতেই রবি আবিষ্কার করল, ঘোড়ার বড় অংশটির পাশে একটি নিথর মাথা পড়ে আছে।

এই মাথাটি তার খুব পরিচিত।

ঘন সোনালি চুলে আবৃত এই মুখটি তার ভীষণ চেনা। প্রতিদিন সকালে এমন মুখের একটি মেয়ে এসে তাকে ভাইয়া বলে ডাকে, নাশতা খাইয়ে দেয়, গল্প করে।

রবি আশপাশে তাকাল। কিন্তু আর কিছু খুঁজে দেখার সাহস সঞ্চয় করতে পারল না।

তবে বুকের বাঁ পাশে জমে থাকা দুই ভাইবোনের স্মৃতিগুলো যেন চিৎকার করে জানিয়ে দিচ্ছে—এখন থেকে আর কেউ রবির সঙ্গে বোমার খোসা নিয়ে কাড়াকাড়ি করবে না। সবগুলো খোসা একাই নিতে পারবে রবি।

কিন্তু সকালের ঘুম ভাঙা চোখে আর কখনো আদরের ছোট বোনের ডাক শুনতে পাবে না সে। ইহজগতে আর কোনো দিন কেউ তাকে ভাইয়া বলে ডাকবে না।

হালিমার স্বপ্ন আর বাবার স্বপ্ন আবারও একটি বোমার কাছে হেরে গেল। পঙ্গু রবির সামনে সবকিছু ঘটে গেল, অথচ তার কিছুই করার ছিল না।

কারণ, সে আজ ক্ষমতাহীন। তার ভাই নেই, তার পাশে দাঁড়ানোর কেউ নেই। সে একা।

তার কাছে রাসুলের রেখে যাওয়া ভাইদের কাছে নিজের কষ্টের খবর পৌঁছে দেওয়ার কোনো মাধ্যম নেই। কারণ, সবগুলো মাধ্যম যেন তার বিরুদ্ধে কথা বলে, তাকে আরও নিঃস্ব করে দিয়েছে।

রবি শুধু খোদার দরবারে হাত তুলে মোনাজাত করে। তার প্রার্থনা একটাই—

হে প্রভু, আমার ভাইদের কাছে আমার এই খবর পৌঁছে দাও। যেন তারাও আমার মতো বাবা আর আদরের ভাইবোন হারানোর ব্যথায় ব্যথিত হতে পারে।

(সমাপ্ত)